পান্তা-ইলিশে জাবি বন্ধুসভার বৈশাখী ভোজ
পয়লা বৈশাখ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী ভোজ ১৪৩৩’। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বর্তমান সদস্য, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
শুরুতেই বৈশাখকে বরণ করে নেওয়া হয় ঐতিহ্যবাহী পরিবেশে। উপস্থিত সবার জন্য আয়োজন করা হয় পান্তা-ইলিশসহ নানা বৈশাখী খাবার, যা উৎসবের আমেজকে আরও গভীর করে তোলে। একসঙ্গে বসে খাবার উপভোগের পাশাপাশি চলে প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণা এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা।
সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না বলেন, ‘বছরের প্রথম দিন বন্ধুসভার এমন আয়োজনে আসতে পেরে ভালো লাগছে অনেক। আয়োজকদের ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিগত কমিটির অনুপ সরকার, হামিম তাজ, রেজনান চৌধুরীসহ বর্তমান কমিটির সদস্য, শুভাকাঙ্ক্ষী ও নতুন বন্ধুরা।
আয়োজকদের মতে, বৈশাখী ভোজ শুধু একটি উৎসব নয়, বরং এটি বন্ধুসভার সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। নতুন বছরকে স্বাগত জানিয়ে সবাই একত্র হওয়ার এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
উৎসবমুখর এই আয়োজনে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও আন্তরিকতা প্রমাণ করে; ঐতিহ্য, বন্ধুত্ব ও একাত্মতার সম্মিলনেই গড়ে ওঠে এমন সুন্দর মুহূর্ত, যা সবার মনে দীর্ঘদিন ধরে থেকে যায়।
সভাপতি, জাবি বন্ধুসভা