‘জীবন আমার বোন’ নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র

জামালপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী এবং স্বতন্ত্র ধারার কথাসাহিত্যিক মাহমুদুল হক। তাঁর রচিত ‘জীবন আমার বোন’ উপন্যাস নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৭ মার্চ রাতে এটি অনুষ্ঠিত হয়।

উপন্যাসটির কেন্দ্রবিন্দুতে রয়েছে খোকা নামের এক যুবক। ১৯৭১ সালের মার্চ মাসে যখন পুরো দেশ উত্তাল, মানুষ স্বাধীনতার স্বপ্নে বিভোর এবং রাজপথে মিছিলে যোগ দিচ্ছে, তখন খোকা অদ্ভুতভাবে নির্লিপ্ত। তার কাছে ব্যক্তিগত আবেগ এবং ছোটবোন রঞ্জুর প্রতি ভালোবাসাই মুখ্য।

উপন্যাসের শেষ দিকে ২৫ মার্চের ভয়াল কালরাতের চিত্র উঠে আসে। পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় ঢাকার রাজপথ যখন রক্তে রঞ্জিত, তখন খোকার সেই নির্লিপ্ত জগৎ ভেঙে পড়ে। যুদ্ধের সেই বিভীষিকা খোকাকে বাধ্য করে জীবনের রূঢ় বাস্তবতাকে মেনে নিতে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাসান, সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলীসহ অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা