জর্জ অরওয়েল রচিত ‘অ্যানিমেল ফার্ম’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ৯ এপ্রিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
১৯৪৫ সালে প্রকাশিত বহুল আলোচিত রাজনৈতিক রূপকধর্মী এই উপন্যাস আজও সমানভাবে প্রাসঙ্গিক। উপন্যাসটিতে একটি খামারের পশুদের বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা, রাজনীতি ও শোষণের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
গল্পের শুরুতে পশুরা মানুষের অত্যাচার থেকে মুক্তি পেতে একত্র হয়ে সমানাধিকারভিত্তিক সমাজ গড়ে তুলতে চায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শূকরেরা ক্ষমতা দখল করে এবং পূর্বের শাসকদের মতোই অত্যাচারী হয়ে ওঠে। এর মাধ্যমে লেখক দেখিয়েছেন, কীভাবে ক্ষমতা শাসকের চরিত্রকে বদলে দিতে পারে এবং আদর্শ ধীরে ধীরে বিকৃত হয়ে যায়।
বইটির অন্যতম শক্তি হলো এর সরল ভাষা ও গভীর তাৎপর্যপূর্ণ বার্তা। প্রতিটি চরিত্র ও ঘটনা বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতীক, বিশেষ করে রাশিয়ান রেভল্যুশনের সঙ্গে এর সুস্পষ্ট মিল পাওয়া যায়। নেপোলিয়ন চরিত্রটি একনায়কতন্ত্রের প্রতীক, যা ক্ষমতার অপব্যবহারকে নির্দেশ করে। সার্বিকভাবে, ‘অ্যানিমেল ফার্ম’ একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী সাহিত্যকর্ম যা পাঠককে ক্ষমতা, সমতা ও ন্যায়ের প্রকৃত অর্থ নিয়ে ভাবতে বাধ্য করে।
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘এই বই আমাদের শেখায়, কেবল শাসক পরিবর্তন করলেই সমাজ বদলায় না, প্রয়োজন সঠিক মূল্যবোধ ও সচেতনতা।’
পাঠচক্র পরিচালনা করেন বন্ধু সানজিদা রিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রেহেনা আক্তার, প্রচার সম্পাদক ফজল হোসেন, বন্ধু রেদোয়ান রাইয়ান, আরাফাত হোসেন, রবিন হাসান, নিহা আক্তার, শারমিন আক্তার, সিফাত হাসানসহ অন্যান্য সদস্যরা।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা