বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস সম্পর্কে তাদের উৎসাহিত করতে ফল উৎসব করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ২১ জুলাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসবে অংশ নেয় পার্শ্ববর্তী গোবরা ও বড়শি এলাকার শিশুরা।
অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন মৌসুমি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে ফল বিতরণ করা হয়। ফল খাওয়া, গল্প, খেলাধুলা ও আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টিকর খাদ্যাভ্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি এবং আনন্দ ভাগাভাগি করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বন্ধুসভার অন্য সদস্যরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই এ আয়োজন। ‘মানুষ মানুষের জন্য’—এ বিশ্বাসকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখবে সংগঠনটি।
বন্ধু, গোবিপ্রবি বন্ধুসভা