পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার উদ্যোগে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ৩৬৫টি গাছ রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় মোট ৩৬৫টি গাছের মধ্যে ২৮০টি গাছ গ্রিনল্যান্ড কিন্ডার গার্ডেন স্কুল, মাদ্রাসা এবং ‘সবুজ কুড়ি’ নামের একটি সংগঠনের মধ্যে বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে গাছগুলো বিভিন্ন স্থানে রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।
অবশিষ্ট ৮৫টি গাছ মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সদস্যরা নিজেরাই বিভিন্ন স্থানে রোপণ করেন। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সাবেক সহসভাপতি আজহারুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘ মেয়াদে পরিবেশ সংরক্ষণের একটি সামাজিক আন্দোলনে পরিণত করাই আমাদের লক্ষ্য। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ভবিষ্যতের প্রত্যয়—এই লক্ষ্যেই মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি নতুন প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার একটি ইতিবাচক বার্তা হয়ে উঠছে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিল গ্রিনল্যান্ড কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।
সাধারণ সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা