সুরে সুরে সৈয়দপুরে প্রথম আলোর জন্মদিন উদ্যাপন
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ নভেম্বর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দপুর বন্ধুসভা।
সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার জ্যেষ্ঠ সদস্য বিলকিস আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বন্ধুসভার উপদেষ্টা ও কণ্ঠশিল্পী হোসনে আরা লিপি এবং সহযোগী অধ্যাপক সাইদুর রহমান।
বক্তারা বলেন, প্রথম আলো দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধ ও তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে। বন্ধুসভার মতো সংগঠন তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন ওস্তাদ বিনয় কুমার রাজবংশী, হোসনে আরা লিপি, বন্ধু তাহমিন আরিফ, সাধন চন্দ্র দাস ও মুবাশিরা মিম। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক রাইম চৌধুরী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক এম রাশেদ সরকার, ম্যাগাজিন সম্পাদক এম হাসান হাবিব, বন্ধু উর্নিশা, মুরাদ ইসলাম ও তাহাসিন আবরার।
বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা