‘বন্য প্রাণী শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা অপরিহার্য। বন্য প্রাণী সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ঠাকুরগাঁওয়ে বন্য প্রাণী সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সামাজিক বন বিভাগ, দিনাজপুর বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ফাহিম মাসুদ। ১৮ মে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সামাজিক বন বিভাগ, দিনাজপুর বিভাগ ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা। সভাপতিত্ব করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান বলেন, পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা জরুরি। এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা মানুষের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে।
কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা কৃত্রিম প্রজননকেন্দ্র, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক (কৃত্রিম প্রজনন) ডা. অমল কুমার রায়। তিনি বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।’
সামাজিক বন বিভাগ ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া বন্য প্রাণী সংরক্ষণ সম্ভব নয়। সবাইকে নিয়ে কাজ করলেই প্রকৃত ফল পাওয়া যাবে।
এ সময় ঠাকুরগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন,‘তরুণ সমাজ যদি সচেতন হয়, তাহলে বন্য প্রাণী সংরক্ষণ আন্দোলন আরও শক্তিশালী হবে।’
প্রশিক্ষণ শেষে ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও কার্যকর দক্ষতা অর্জন করেছি। এই অর্জনকে কাজে লাগিয়ে বন্ধুসভার সদস্যরা স্কুল, কলেজ ও সামাজিক পরিসরে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।’
অংশগ্রহণকারী অন্য সদস্যরা জানান, এই প্রশিক্ষণ তাঁদের ভবিষ্যৎ সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বন্য প্রাণী সংরক্ষণ আইন, জীববৈচিত্র্য রক্ষার কৌশল এবং সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরির বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের ফলে তাঁদের মধ্যে বন্য প্রাণী সংরক্ষণে কাজ করার সক্ষমতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার সহসভাপতি রাবেয়া সুলতানা, সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আলিফ, প্রশিক্ষণ সম্পাদক এম মারুফ হাসান, ম্যাগাজিন সম্পাদক রুদ্র মহন্ত, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক সিয়ামুর রশিদ, দপ্তর সম্পাদক রিফাত শাহরিয়ার, বন্ধু মেহরাব হোসেন, সাব্বির হোসেন, নুসরাত জাহান, মাহাবুব আলম তালুকদার ও শ্রুতি আকতার প্রমুখ।
সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা