বন্ধু দিবসের আমেজে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এক ঘরোয়া আড্ডা। ২ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে ইশারায় গান ও অভিনয়ের মাধ্যমে বিভিন্ন চরিত্র তুলে ধরেন বন্ধুরা। অন্যরা সেই গান বা চরিত্র চিনে নেওয়ার চেষ্টা করেন। হাসি-আনন্দ আর বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় জমে ওঠে পুরো সন্ধ্যা।
শুরুতে ছিল বন্ধুত্বের একাল-সেকাল নিয়ে আলোচনা। শৈশবের বন্ধুত্ব, পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো সময়, হারিয়ে যাওয়া কিছু স্মৃতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন সবাই। স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে আসে বন্ধুত্বের দারুণ সব গল্প।
অংশ নেন বন্ধু বহ্নিশিখা পর্ণা, মাসুদ রানা, জয় চক্রবর্তী, ঐতন্দ্রিলা রিয়া, সাকিব জিশান, অনামিকা দাশ, তাফসিরুল ইসলাম, প্রান্তিকা ভৌমিক, আমেনা রুমি, আশরাফ আরাবি ও ইরফাতুর রহমান। কখনো ইশারায় গানের নাম বোঝানোর চেষ্টা, কখনো অভিনয়ের মাধ্যমে পরিচিত কোনো চরিত্র ফুটিয়ে তোলা। এভাবেই গ্রুপিং করে চলতে থাকে প্রাণবন্ত আড্ডা।
এ আয়োজনের উদ্দেশ্য ছিল বন্ধুদের মধ্যে আরও আন্তরিকতা তৈরি করা এবং নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে সবাইকে একসঙ্গে কিছু আনন্দঘন সময় কাটানোর সুযোগ করে দেওয়া। এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, ‘এ ধরনের ঘরোয়া আয়োজন বন্ধুদের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্বকে আরও দৃঢ় করে। সবাই মিলে আমরা একটি স্মরণীয় সন্ধ্যা কাটিয়েছি।’