সাংগঠনিক কার্যক্রম জোরদারে কক্সবাজার বন্ধুসভার সভা
জিপিএ-৫ সংবর্ধনা সফল করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে করণীয় নির্ধারণে সাংগঠনিক সভা করেছে কক্সবাজার বন্ধুসভা। ১৫ আগস্ট বিকেলে প্রথম আলোর কক্সবাজার আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।
সভায় জিপিএ-৫ সংবর্ধনায় সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, প্রচারণা ও নিবন্ধন বাড়ানো এবং অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল নবী।
প্রথম আলোর আঞ্চলিক অফিস প্রধান ও বন্ধুসভার উপদেষ্টা আবদুল কুদ্দুস রানা বলেন, প্রতিবছরের মতো এবারও কক্সবাজার বন্ধুসভা সবার আগে জিপিএ-৫ সংবর্ধনা আয়োজন করতে পারে। এ জন্য এখন থেকেই সবাইকে দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করতে হবে।
জিপিএ-৫ সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রচারণা চালানো এবং নিবন্ধনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এবারের অনুষ্ঠানে সর্বোচ্চসংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে। আয়োজনের প্রতিটি বিষয় পরিকল্পিতভাবে সম্পন্ন করে অনুষ্ঠানটি পরিপূর্ণ করতে হবে।
সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। সভাপতি আবদুল নবী বলেন, আগামী কমিটিতে পরিশ্রমী, সৃজনশীল ও কর্মক্ষম বন্ধুদের নিয়ে কক্সবাজার বন্ধুসভার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ জন্য সংগঠনের সব বন্ধুকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মারগুভ মোর্শেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুবিনুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মুজিবুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইকবাল হোছেন, বন্ধু মিনহাজুর রহমান, সাজ্জাদ চৌধুরী, সাঈদ ইবনে আলম, সাউদা উম্মুল ফজলসহ অনেকে।