জামালপুর বন্ধুসভার সৌহার্দ্যপূর্ণ ইফতার
মাহে রমজানের পবিত্রতা, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে জামালপুর বন্ধুসভার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ আশেক মাহমুদ কলেজের মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বন্ধুসভার সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বন্ধুরা। এ সময় সৌহার্দ্যপূর্ণ আলোচনা, কুশল বিনিময় এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে এক উষ্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সভাপতি অন্তরা চৌধুরী বলেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস আমাদের আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয় এবং মানুষকে মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। এমন আয়োজন তরুণসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান বলেন, ‘রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এটি আমাদের ধৈর্য ধারণ করতে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মী হতে শেখায়। প্রথম আলো বন্ধুসভা সব সময় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। এই সম্মিলিত ইফতার আয়োজন সে প্রচেষ্টারই একটি অংশ।’
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আসাদুজ্জামান অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্, অর্থ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, প্রশিক্ষণ সম্পাদক তাসকিন রহমান, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহম্মেদ, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, বন্ধু জোবায়দা, সানজিদা, অয়ন, রাহিমুল রাহিম, সুপ্তি, নিহালসহ আরও অনেক সদস্য ও শুভাকাঙ্ক্ষী।
সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা