শিশুদের হাসিই আমাদের প্রাপ্তি

বিশ্ব ভালোবাসা দিবসে শিশুদের নিয়ে মিরপুর বন্ধুসভার আনন্দ আয়োজনছবি: রায়হান ইসলাম

বিশ্ব ভালোবাসা দিবসে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন করেছে মিরপুর বন্ধুসভা। ১৪ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এটি অনুষ্ঠিত হয়।

শুরুতে শিশুদের সঙ্গে পরিচিত হয়ে নেন বন্ধুরা। এরপর ছিল গল্প বলা, ছড়া আবৃত্তি, মুক্ত আলোচনা এবং শিক্ষামূলক কথোপকথন। সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বিভিন্ন খেলাধুলা ও গেমস প্রতিযোগিতা। দৌড়, মজার কুইজ, দলীয় খেলা এবং তাৎক্ষণিক সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া শিশুদের জন্য ছিল বিশেষ উপহার ও খাবারের ব্যবস্থা।

এ বিষয়ে মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, ‘দিবসটি শুধু আনুষ্ঠানিক উদ্‌যাপনে সীমাবদ্ধ রাখতে চাইনি। আমরা চেয়েছি সমাজের পিছিয়ে পড়া এই শিশুদের সঙ্গে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করে নিতে। আমরা বিশ্বাস করি, এর মধ্যেই দিবসের প্রকৃত তাৎপর্য নিহিত।’

সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস বলেন, ‘শিশুদের হাসিই আমাদের প্রাপ্তি, তাদের আনন্দই আমাদের অনুপ্রেরণা।’

আয়োজনে অংশ নেওয়া শিশুদের মুখে ছিল নির্মল হাসি ও আনন্দের ঝিলিক। খেলাধুলা ও উপহার পেয়ে তারা দারুণ খুশি। স্থানীয় বাসিন্দারা মিরপুর বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং সমাজে ইতিবাচক চর্চা তৈরি করে।

বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম বলেন, ‘আমরা ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তামূলক কার্যক্রম নিয়মিত করব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলব।’

প্রচার সম্পাদক, মিরপুর বন্ধুসভা