রাঙামাটি বন্ধুসভার উদ্যোগে ঈদের নতুন পোশাক পেল শিশুরা

রাঙামাটি বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি বন্ধুসভার বন্ধুরা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উপহার দিয়েছেন। ১১ মার্চ সকালে শহরের আসামবস্তি ও কেরানী পাহাড় এলাকায় এগুলো বিতরণ করা হয়।

‎স্বল্প আয়ের মোহাম্মদ হাসান বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘কয়েক দিন আগে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা এসে আমার ছেলের জামার সাইজ নিয়ে গেছে। আজকে তারা ছেলের হাতে নতুন জামা তুলে দিয়েছে। ছেলে এই জামা পরে ঈদে ঘুরাঘুরি করবে।’

‎প্রথম আলোর প্রতিনিধি মিকেল চাকমা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বলেন, সারা দেশের সব বন্ধুসভার মতো রাঙামাটি বন্ধুসভার বন্ধুরাও শিশুদের এই উপহার দিয়েছেন।

বন্ধুসভার সাধারণ সম্পাদক বাবুল মারমা বলেন, ‘আমরা প্রতিবছর “সহমর্মিতার ঈদ” কর্মসূচির অংশ হিসেবে শিশুদের নতুন জামা উপহার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও দেওয়া।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক ইন্দু ভূষণ চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মানসী চাকমা, সদস্য হিমন ত্রিপুরা, উইলাখি রাখাইনসহ অন্য বন্ধুরা।