ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে অনলাইন মিম ও রিলস কনটেস্ট প্রতিযোগিতা ‘চট্টগ্রাম বন্ধুসভা মিম ফেস্ট ২০২৬’ আয়োজন করেছিল চট্টগ্রাম বন্ধুসভা। ১৫ আগস্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো এই প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।
গত ১৬ জুন থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও সাড়া পাওয়ায় ধাপে ধাপে বাড়ানো হয় সময়। প্রতিযোগিতায় ৩০টির বেশি মিম ও রিলস জমা পড়ে। সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে আবদুল্লাহ আল মাসুম, কামরান চৌধুরী ও রাজু পাল।
চট্টগ্রাম বন্ধুসভাকক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সহসভাপতি নুরুজ্জামান খান পাপ্পু। তিনি বলেন, ‘বিশ্বকাপ ঘিরে তরুণদের মধ্যে যে উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়, সেটিকে সৃজনশীলভাবে উদ্যাপন করতেই আমাদের এ আয়োজন। মিম ও রিলসের মতো জনপ্রিয় মাধ্যমকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে বন্ধুরা নিজেদের চিন্তা, রসবোধ ও সৃজনশীলতা তুলে ধরেছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানাই। একই সঙ্গে যাঁরা অংশ নিয়েছেন, প্রত্যেকের সৃজনশীল প্রচেষ্টাও আমাদের জন্য আনন্দের। ভবিষ্যতেও বন্ধুসভা এমন আয়োজনের মাধ্যমে তরুণদের সৃজনশীল কাজে যুক্ত রাখতে চায়।’
প্রতিযোগিতায় প্রথম হওয়া আবদুল্লাহ আল মাসুমের রিলসটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এটি ছিল গ্রুপ পর্বে অসাধারণ খেলে কেপ ভার্দে যখন রাউন্ড অব ৩২ নিশ্চিত করে এবং প্রতিপক্ষ হিসেবে পেয়ে যায় আর্জেন্টিনাকে, তখন আর্জেন্টিনা সাপোর্টারদের মনের অনুভূতি নিয়ে বানানো মজার রিলস। রিলসটি পেরিয়েছে ১২ লাখ ভিউয়ের মাইলফলক। যেটা প্রায় ৩৬ হাজারের বেশি প্রতিক্রিয়া পায়, ৫৬১টি কমেন্ট ও ৮১০টি শেয়ার হয়।
সেই অনুভূতি প্রকাশ করে আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘প্রতিযোগিতায় প্রথম হতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। বিশ্বকাপকে কেন্দ্র করে মজার ও সৃজনশীল কিছু করার সুযোগ থেকেই অংশ নিয়েছিলাম। বিজয়ী হব এমনটা আশা করিনি। একেবারে প্রথম হতে পারাটা আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। আয়োজকদের ধন্যবাদ, এমন একটি সুন্দর আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি অন্য অংশগ্রহণকারীদের সৃজনশীল কাজও আমাকে অনুপ্রাণিত করেছে।’
আয়োজনটির সার্বিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনায় ছিলেন প্রশিক্ষণ সম্পাদক বহ্নিশিখা পর্ণা এবং দপ্তর সম্পাদক সাকিব জিশান। আয়োজন প্রসঙ্গে সাকিব জিশান বলেন, ‘এ রকম সামাজিক যোগাযোগমাধ্যমে রুচিশীল মিম কনটেস্ট নতুনত্ব ছড়িয়েছে। গতানুগতিক আয়োজনের বাইরে যাঁরা অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় তাঁদের জন্য বন্ধুসভা ভাবছে এবং ইতিবাচকভাবেও যে মিমকে তুলে ধরা যায় তার নিদর্শনই আমরা দেখতে পেয়েছি বিশ্বকাপের মিম কনটেস্টে।’
প্রশিক্ষণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা