সহমর্মিতার ঈদ: একটি বন্ধুসভা উদ্যোগ

সহমর্মিতার ঈদ: একটি বন্ধুসভা উদ্যোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রথম আলো বন্ধুসভা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা ও তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহার দেবে। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির মাধ্যমে দেশ ও দেশের বাইরের ১৪৬টি বন্ধুসভার বন্ধুরা এই মহতী উদ্যোগে অংশ নেবেন।

ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান—যে কেউ বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে যুক্ত হতে পারেন। আপনার সহমর্মিতার ছোট্ট উপহার হতে পারে আরেকজনের আনন্দের উপলক্ষ।

আসুন, নবজাগরণের এই সুবর্ণকালে একসঙ্গে ছড়িয়ে দিই ঈদের খুশি। কর্মসূচিতে যুক্ত হতে যোগাযোগ করুন স্থানীয় বন্ধুসভার সঙ্গে অথবা এই নম্বরে—০১৯৫৫৫৫২০৮৮। পুরো কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান।

এ ছাড়া বিভাগীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা (ঢাকা বিভাগ–শিক্ষাপ্রতিষ্ঠান), দপ্তর সম্পাদক আলাদিন আসাদ (ঢাকা বিভাগ–জেলা, উপজেলা), দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাফিউর নূর (সিলেট বিভাগ), কার্যনির্বাহী সদস্য তাপসী রয় (বরিশাল বিভাগ), নাঈমা সুলতানা (চট্টগ্রাম বিভাগ), ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি রাজা মান্নান তালুকদার (ময়মনসিংহ বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান (রাজশাহী বিভাগ), সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান (খুলনা বিভাগ) এবং সহসাংগঠনিক সম্পাদক আকিফ বিন সাঈদ (রংপুর বিভাগ)।

সহমর্মিতার ঈদ কর্মসূচি সম্পূর্ণ বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টাদের আর্থিক সহযোগিতায় হবে। এর বাইরে শুভাকাঙ্ক্ষী অথবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করলে সেগুলো বন্ধুরা সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেবেন।

নিয়মাবলি
পরিবারপ্রতি ন্যূনতম ৫০০ টাকার খাদ্যসহায়তা দিতে হবে।
প্রতিটি বন্ধুসভাকে অন্তত ৫টি পরিবারকে খাদ্যসহায়তা করতে হবে।
প্রথম রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।
ঈদের তৃতীয় দিনের মধ্যে কাজের আপডেট গুগল ফরমে পূরণ করে পাঠাতে হবে।