ফরিদপুরে ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘এ ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। দ্রুত সাজা নিশ্চিত করতে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। আমাদের বুক ফেটে কান্না আসে। এ কলঙ্ক মোচনে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’
গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ দাবি জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করে ফরিদপুর বন্ধুসভা।
ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামীর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা, প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম, মহিলা পরিষদ ফরিদপুরের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বিএফএফের নির্বাহী সম্পাদক আনম ফজলুল হাদী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, নারীনেত্রী আসমা আক্তার, রুমা সাহা, রুবিয়া মিল্লাত, ফরিদপুর চাঁদের হাটের সভাপতি মাহফুজ খান, নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত এবং প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।
ফরিদপুর সনাক সভাপতি শিপ্রা রায় বলেন, ‘আমাদের সন্তানেরা ঘরে নিরাপদ নয়, পরিবারে নিরাপদ নয়, বাইরে নিরাপদ নয়, অফিসে নিরাপদ নয়, যানবাহনে নিরাপদ নয়, ক্যাম্পাসে নিরাপদ নয়। এ কেমন সমাজ আমরা সৃষ্টি করে চলেছি? এ সমাজকে বড় একটি ধাক্কা দিতে হবে।’
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা বলেন, ‘ধর্ষণের মতো সামাজিক অপরাধ জন্তু-জানোয়ারের সমাজেও প্রচলিত নেই। এ প্রবণতা আমাদের মতো সভ্য সমাজে চলছে। এটা সভ্যতার পরিহাস ছাড়া আর কিছু হতে পারে না। এ অবস্থার শেষ হওয়া জরুরি।’
প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম বলেন, ‘এ ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। দ্রুত সাজা নিশ্চিত করে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। এ ঘটনায় বুক ফেটে কান্না আসে। এ কলঙ্ক মোচনে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’
নারীনেত্রী আসমা আক্তার বলেন, ‘যেকোনো সময় এ–জাতীয় ঘটনা আমাদের নিজের ঘরেও ঘটতে পারে। এ জন্য আমাদের সোচ্চার হওয়ার পাশাপাশি সতর্ক হতে হবে।’
সভাপতি, ফরিদপুর বন্ধুসভা