‘একাত্তরে যাঁরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। এখন আমরা দায়িত্ব পালন করছি। ভবিষ্যতের দায়িত্ব তোমাদের। তোমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকার হিসেবে দেশকে আরও সামনে এগিয়ে নিতে হবে।’
বরিশালে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন সরকারি ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান। ৩১ মার্চ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিলনায়তনে এই অলিম্পিয়াডের আয়োজন করে বরিশাল বন্ধুসভা।
ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাজুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু একটি ইতিহাস নয়, আমাদের জাতির আত্মপরিচয়ের ভিত্তি। অসংখ্য শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে কোনোভাবেই অবহেলা বা অসম্মান করা যাবে না। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনা ধারণ করতে হবে।’
বরিশাল বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তনুশ্রী কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন্ধুসভার সহসভাপতি নাঈম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য লাবিরা আক্তার ও মোসাদ্দিকা।
অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় ৬৬ জন শিক্ষার্থী অংশ নেন। এতে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৩ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উৎসব বণিক, মো. নাইম ও শারমিন খানম।