শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করে রংপুর বন্ধুসভা। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে রংপুর বন্ধুসভার সভাপতি সোহেলী চৌধুরী বলেন, নারী ও শিশুর প্রতি ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। একটি ঘটনার বিচার হতে না হতেই আরেকটি ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। তিনি জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান এবং সরকারের প্রতি দ্রুত বিচার নিশ্চিতের তাগিদ দেন।
ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে বন্ধু রোদেলা কাওসার বলেন, ‘আমরা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। সাত বছরের বাচ্চাকে ধর্ষণ করে গলা কেটে মেরে ফেলা হয়েছে। আমাদেরও ছোট ভাই-বোন আছে।’
বিচারহীনতাই ধর্ষণের পুনরাবৃত্তির মূল কারণ হিসেবে দায়ী করেন বন্ধু ফাত্তাহান আলী। তিনি এই অবস্থার দ্রুত অবসান চান।
কর্মসূচিতে বক্তারা এসব অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিত করা এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন কামরুল ইসলাম, আশিকুর রহমান ও শাহরিয়াল আল হাসান।
অংশগ্রহণকারীরা ‘আমি আমার সুরক্ষা চাই, কে দেবে?’, ‘নিরাপদ বাংলাদেশ চাই, নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন।