ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রে ‘নক্সী কাঁথার মাঠ’
পল্লিকবি জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৯ এপ্রিল বিকেলে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে এটি অনুষ্ঠিত হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরান বলেন, ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের মূল কাহিনি গড়ে উঠেছে রূপাই ও সাজুর প্রেমকে কেন্দ্র করে। সহজ–সরল গ্রামীণ জীবনের পটভূমিতে তাদের ভালোবাসা, বিচ্ছেদ এবং শেষ পর্যন্ত করুণ পরিণতি পাঠকের মনে গভীর দাগ ফেলে।
ম্যাগাজিন সম্পাদক ফারহান তানভীর কাব্যগ্রন্থটির মূল কাহিনি সংক্ষেপে বন্ধুদের সামনে উপস্থাপন করেন। যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন কাব্যগ্রন্থটির কিছু অংশ আবৃত্তি করেন।
সভাপতি মেহেদী হাসান বলেন, সাজুর বোনা নকশিকাঁথা যেন তার জীবনের গল্প ও ‘নক্সী কাঁথার মাঠ’–এর চরিত্রের সামগ্রিক দুঃখ-বেদনার প্রতিচ্ছবি।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উম্মে সালমা, সহসভাপতি রাবিয়াতুল বুশরা, প্রশিক্ষণ সম্পাদক মুনমুন আহমেদ, কার্যনির্বাহী সদস্য সরকার সাদমান ওয়াসিত, নুসরাত আহমদসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা