ব্রায়ান ট্রেসির লেখা জনপ্রিয় বই টাইম ম্যানেজমেন্ট নিয়ে পাঠচক্রের আসর করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ৭ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে আলোচনায় উঠে আসে, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সঠিক পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে অল্প সময়েই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব।
বক্তারা বইয়ের মূল ধারণা অনুযায়ী স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করা, সময় নষ্টকারী অভ্যাস পরিহার এবং প্রতিদিনের কাজের তালিকা তৈরি করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। বিশেষভাবে ‘আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করা’ নীতির বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
পাঠচক্রে অংশগ্রহণকারীরা নিজেদের দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনার অভিজ্ঞতা শেয়ার করে বইয়ের শিক্ষাগুলো পড়াশোনা ও সাংগঠনিক কাজে প্রয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি কার্যকর সময় ব্যবহারে অনুপ্রেরণা জুগিয়েছে।