হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ নিয়ে জাবি বন্ধুসভার পাঠচক্র
অপেক্ষা কখনো শুধু সময় পার হওয়ার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, আকাঙ্ক্ষা, অনিশ্চয়তা, হারানোর বেদনা ও ফিরে পাওয়ার আশা। হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ উপন্যাসে মানুষের এমন নানা আবেগ ও সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে। অপেক্ষার দীর্ঘ সময়ে মানুষের মন কীভাবে বদলে যায়, পারিবারিক সম্পর্ক কীভাবে নতুন অর্থ পায়—উপন্যাসের চরিত্র ও ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সেই বিষয়গুলো ফুটে উঠেছে।
হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ উপন্যাসকে কেন্দ্র করে সাপ্তাহিক পাঠচক্রের আসর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৩ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১০ নম্বর কক্ষে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন।
আলোচনায় উপন্যাসের কাহিনি, পটভূমি ও বিভিন্ন চরিত্রের জীবন নিয়ে কথা হয়। হাসানুজ্জামানের হঠাৎ হারিয়ে যাওয়া, তাঁকে ঘিরে সুরাইয়ার দীর্ঘ অপেক্ষা, ইমনের বেড়ে ওঠা এবং মিতুর সঙ্গে তাঁর সম্পর্ক—এসব ঘটনা কীভাবে উপন্যাসের চরিত্রগুলোর জীবনে অপেক্ষার ভিন্ন ভিন্ন মাত্রা তৈরি করেছে, তা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
পাঠচক্রে ভালোবাসা, পরিবার, বিচ্ছেদ, হারানোর বেদনা এবং ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার মতো বিষয়গুলোও উঠে আসে। একই সঙ্গে চরিত্রগুলোর ব্যক্তিগত অনুভূতি ও জীবনসংগ্রামের সঙ্গে বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার মিল খুঁজে দেখেন বন্ধুরা। একটি গল্পকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পাঠ করার ফলে আলোচনায় উঠে আসে নানা পাঠ-প্রতিক্রিয়া।
আলোচক সিফাত আরেফিন উপন্যাসের চরিত্র ও সম্পর্কগুলোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অপেক্ষা মানুষের জীবনে শুধু একটি অনুভূতি নয়, অনেক সময় সেটিই হয়ে ওঠে বেঁচে থাকার প্রেরণা। প্রিয় মানুষকে ফিরে পাওয়ার প্রত্যাশা যেমন মানুষকে অপেক্ষা করতে শেখায়, তেমনি সেই অপেক্ষার মধ্য দিয়ে সম্পর্কের গভীরতাও প্রকাশ পায়।
সভাপতি সৈয়দ সালমান হাসান বলেন, এই গল্পে শুধু একজন মানুষের জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে বড় সংগ্রাম নয়, বরং প্রিয় মানুষের জন্য কিছু করতে চাওয়া, তার পাশে থাকার আকাঙ্ক্ষাও এক গভীর সংগ্রাম। সুরাইয়ার অপেক্ষা যেমন হাসানুজ্জামানকে ঘিরে, তেমনি ইমন ও মিতুর সম্পর্কেও ভালোবাসা ও অপেক্ষার অন্য রকম প্রকাশ দেখা যায়।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাওলাদার, প্রচার সম্পাদক অরুণিমা পাল, অর্থ সম্পাদক পারভেজ মোশাররফ, সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা, বন্ধু সিফাত আহমেদসহ অন্যান্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, জাবি বন্ধুসভা