ক্যাম্পাসের পথ, পরিচিত মুখ আর পুরোনো স্মৃতির টান—সবকিছু মিলিয়ে অন্য রকম এক বিকেল কাটল গোবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের। সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি সেলিম রেজা ক্যাম্পাসে এলে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বসে জমে ওঠে প্রাণবন্ত মতবিনিময়।
শুরু হয় পরিচয়পর্ব দিয়ে। একে একে সবাই নিজেদের পরিচয় দেন। নতুনদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সেলিম রেজা ফিরে যান তাঁর বন্ধুসভার দিনগুলোর স্মৃতিতে। আড্ডায় উঠে আসে ক্যাম্পাসের নানা গল্প। পুরোনো দিনের ক্যাম্পাস, পরিচিত জায়গা, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী—কোনো কিছুই বাদ যায়নি। নিজের বিভাগের স্মৃতি, শিক্ষকদের কথা ও ক্যাম্পাসজীবনের নানা অভিজ্ঞতা তিনি সবার সঙ্গে ভাগ করে নেন।
তবে এই আড্ডা শুধু অতীতের স্মৃতিচারণায় সীমাবদ্ধ ছিল না। বর্তমান সময়ে গোবিপ্রবি বন্ধুসভা কীভাবে কাজ করছে, কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমান অবস্থান কেমন—এসব বিষয়েও জানতে আগ্রহ প্রকাশ করেন সেলিম রেজা।
বর্তমান সাধারণ সম্পাদক শেখ আল-আমিন সংগঠনের বিভিন্ন কার্যক্রম, পাঠচক্র, সামাজিক উদ্যোগ, সাংগঠনিক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, এ বছর এখন পর্যন্ত পাঠচক্রসহ মোট ৩৫টি আয়োজন সম্পন্ন হয়েছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফল উৎসব, বন্যার্তদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম রয়েছে।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা