ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ ও প্রজ্ঞামুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সামার–২৬’। ১১ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আর কবির। নবাগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণোচ্ছল উপস্থিতি ও তারুণ্যের উচ্ছ্বাসে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক বর্ণিল ও সজীব আবহ।
ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব, সংগঠন ও সহশিক্ষামূলক প্ল্যাটফর্মের সরব অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক বহুমাত্রিক মিলনমেলায়। ড্যাফোডিল বন্ধুসভার বুথে নবীন শিক্ষার্থীদের আগ্রহ ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। জ্ঞানচর্চা, পাঠসংস্কৃতি ও মননশীল সাংগঠনিক কার্যক্রম ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে বন্ধুসভার বুথ দিনব্যাপী ছিল প্রাণচঞ্চল ও মুখর। বন্ধুসভার আদর্শিক দর্শন, সৃজনশীল কার্যক্রম ও মানবিক উদ্যোগ সম্পর্কে জানার পাশাপাশি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন অসংখ্য নবীন শিক্ষার্থী।
কার্যক্রমে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধু নাজমুল হাসান, অণীক ভূষণ সাহা, সালমান ফারসী, রিজভী আমিন, মোস্তফা মাহফুজ, ফারহান শাহরিয়ার, তাওহীদুল আলম খান, জেবা আনিকা, মাহিয়া তাবাসসুম, আবিদুর রহমান, রিফাতুল ইসলাম, কাফিল হোসেন, পরাণ, স্নিগ্ধা পালমা, হাফসা হাবিবসহ অসংখ্য বন্ধু। তাঁরা নবীনদের সঙ্গে বন্ধুসভার সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথা বলেন। বিশেষ করে সাংগঠনিক দর্শন, মূল্যবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।
এক নবীন শিক্ষার্থী জানান, তিনি পূর্বে নিজ জেলার একটি বন্ধুসভার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় এখানেও বন্ধুসভার কার্যক্রমে যুক্ত থেকে জ্ঞানভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমে অবদান রাখতে আগ্রহী।
সাংস্কৃতিক সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা