মেহেদিরাঙানো দুই হাত উঁচিয়ে ধরে ৮ বছর বয়সী শিশু মারুফা (ছদ্মনাম) ছলছল চোখে তার অনুভূতি ব্যক্ত করে বলে, ‘সবাইরে দেখতাম ঈদের আগে হাত লাল করে ঘোরে, আমারও খুব শখ ছিল। কিন্তু মা বলত—“সোনারে, মেহেদি কেনার টাকা কই? ওই টাকায় তো চাল হবে।” আজ বড় আপারা আমার দুই হাত এমন সুন্দর করে রাঙিয়ে দিল, এখন মনে হচ্ছে আমারও ঈদ চলে এসেছে। এই রংটা যেন কোনো দিন না ওঠে!’
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাদের নিয়ে মেহেদি উৎসব করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ১৮ মার্চ শহরের নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত এ উৎসবে মারুফার মতো এমন অর্ধশতাধিক শিশুর হাত মেহেদির রঙে রাঙিয়ে দেন বন্ধুরা। ছোট ছোট হাত যখন মেহেদির আল্পনায় রাঙানো হচ্ছিল, তখন সেই উজ্জ্বল চোখগুলো বলছিল এক পরম তৃপ্তির গল্প।
সাংগঠনিক সম্পাদক করিমন নেছা বলেন, ‘ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের বিত্তবানদের ভিড়ে এই শিশুরা যেন নিজেদের একা মনে না করে, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস।’
আয়োজনটি কেবল মেহেদি রাঙানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তা পরিণত হয়েছিল শিশুদের এক মিলনমেলায়। এক বেলা হাসিখুশি আর ভালোবাসায় সিক্ত হয়ে বাড়ি ফেরে অর্ধশতাধিক প্রাণচঞ্চল শিশু।
সহসভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা