মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিশু-কিশোরদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করেছেন দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা। স্বাধীনতার তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২৬ মার্চ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিশু-কিশোর ও সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এ সময় শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। ছোট ছোট শিশুরা হাতে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের আনন্দে অংশগ্রহণ এবং স্বাধীনতা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।
শহরের শিশুপার্কে কিশোরদের মধ্যে পতাকা বিতরণ করা হলে তারা উৎসাহের সঙ্গে পতাকা নিয়ে রোলার স্কেটিং করে। বন্ধুরা কিশোরদের স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন।
পতাকা বিতরণের পাশাপাশি ‘বন্ধুদের চোখে স্বাধীনতা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্ধুরা দেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ত্যাগ এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন।
বন্ধু মারুফ ইসলাম বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। স্বাধীনতা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি দেশের আইন মেনে চলি, দেশকে ভালোবাসি এবং নিজের কাজ ঠিকভাবে করি, তাহলেই আমরা প্রকৃত অর্থে স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে পারব।’
সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘দেশকে ভালোবাসা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকতে হবে এবং সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে।’
উপস্থিত ছিলেন সভাপতি শবনম মুস্তারিন, সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, বন্ধু সাব্বির, জান্নাতে রাইয়ান, আসিফ, মারুফ ইসলাম, আজমির হামজা ও অন্যান্য বন্ধুরা।
সভাপতি, দিনাজপুর বন্ধুসভা