স্মৃতিসৌধে পটিয়া বন্ধুসভার শ্রদ্ধা

মহান বিজয় দিবসে উপজেলা স্মৃতিসৌধে পটিয়া বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

পৌষের কনকনে শীতের ভোর। সূর্য তখনো পুরোপুরি জেগে ওঠেনি। ভোরের নীরবতা ভেঙে স্মৃতিসৌধের পথে এগিয়ে চলে বন্ধুসভার বন্ধুদের পদযাত্রা। ফুলের তোড়া হাতে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণেরাও অংশ নেন এই শ্রদ্ধার অভিযাত্রায়। সবার চোখেমুখে একাত্তরের বিজয়ের গৌরব, হৃদয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পটিয়া বন্ধুসভা। পরে ‘মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ’ শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আইরিন সুলতানা বলেন, ‘একাত্তরের মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা। এই বিজয় বাঙালি জাতির শ্রেষ্ঠ ঐতিহাসিক অর্জন। স্বাধীনতার মাধ্যমেই বাংলাদেশ বিশ্বমানচিত্রে একটি স্বতন্ত্র ও সমৃদ্ধশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দায়িত্ব পালনে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা নিজ নিজ জায়গা থেকে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে অবদান রাখছে।’

সাংগঠনিক সম্পাদক মোকাররম রিজুয়ান বলেন, ‘আমাদের সমাজে যে ছোট ছোট সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দায়িত্বশীলভাবে কাজ করাই আজকের প্রজন্মের কর্তব্য।’ সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুর রাজ্জাক, বন্ধু মানবেন্দ্র ভট্টাচার্য, প্রান্ত বড়ুয়া, আইরিন সুলতানা, মোকাররম রিজুয়ান, সূফি মোহাম্মদ রেজা, শচীন দে, শাহ আলম, সাকিব চৌধুরী, সাজ্জাদ রাফি, মুন শীল, হুমাইরা জান্নাত, আবদুল মহি, সায়েদ ছিদ্দিক সোহাগ, তাওসিফ রেজাসহ আরও অনেকে।

সাংগঠনিক সম্পাদক, পটিয়া বন্ধুসভা