ডিআইইউ বন্ধুসভার পাঠের আসরে জুনায়েদ ইভানের ‘অন্যমনস্ক’
জুনায়েদ ইভান রচিত ‘অন্যমনস্ক’ উপন্যাসকে বর্তমান যুবসমাজের মনের আয়না বলে আখ্যায়িত করা হয়। এ ব্যাপারে ও উপন্যাসের মূলভাব সম্পর্কে বিস্তারিত আলোচনার নিমিত্তে পাঠচক্র করেছে ডিআইইউ বন্ধুসভা। ৩০ অক্টোবর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
‘অন্যমনস্ক’ প্রথম প্রকাশিত হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এর পর থেকেই বইটি পাঠকদের মনে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। উপন্যাসটিতে লেখক যুবসমাজের মনোজগৎ, তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সংকটকে খুবই স্পর্শকাতরভাবে তুলে ধরেছেন।
উপন্যাসটি মোট সাতটি গল্পের অবলম্বনে রচিত। প্রতিটি গল্পের কাহিনি ও চরিত্র ভিন্ন হলেও লেখক জুনায়েদ ইভান তাঁর সহজ–সরল ভাষায় ও গল্প বলার কৌশলে পাঠকদের মন জয় করে নিয়েছেন। তিনি উপন্যাসে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও রাজনীতির ছোঁয়াও রেখেছেন।
সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, সমকালীন বাংলাদেশের যুবক-যুবতীদের জীবনের সঙ্গে এই উপন্যাসের গল্পের ঘনিষ্ঠতা পাঠকদের মন ছুঁয়েছে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মাহমুদুল হাসানসহ ডিআইইউ বন্ধুসভার অন্য বন্ধুরা।
বন্ধু, ডিআইইউ বন্ধুসভা