মা দিবস উপলক্ষে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘কখনো আমার মা’কে নিয়ে পাঠচক্রের আসর করেছে খুলনা বন্ধুসভা। ১০ মে বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এটি অনুষ্ঠিত হয়।
বইটি নিয়ে আলোচনা করেন সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন। উপস্থিত অন্য বন্ধুরাও একে একে আলোচনা করতে গিয়ে তাঁদের ছেলেবেলার স্মৃতিতে কিছু সময়ের জন্য হারিয়ে যান।
দপ্তর সম্পাদক আল্ রাইসা, ‘আমাদের ছোটমার কথা মনে হয়, বড়মার কথা মনে হয়’ লাইনটির উদ্ধৃতি টেনে আবেগাপ্লুত হয়ে ওঠেন।
সৌরভ ঘোষ বলেন, ‘বইটি পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল! সেই শাপলাবিল, সবুজ মাঠ, ভরা জোছনা, ভাইবোনের হইহুল্লোড়। মুক্তিযুদ্ধ–পরবর্তী বীরাঙ্গনাদের সংগ্রাম, সৎভাবে চলা একজন সরকারি চাকরিজীবীর জীবন সত্যিই মুগ্ধতা ছড়িয়েছে।’
সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় পাঠচক্রের আসরে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মন্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষসহ অন্য বন্ধুরা।