নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপন

চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মাতৃভাষায় কবিতা আবৃত্তি, নাচ-গান ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানাই, জীবন ও সুস্থতা সুরক্ষা করি’ প্রতিপাদ্যে ৯ আগস্ট রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুর ১২টায় শুরু হয় শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রাক্‌-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয়, তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোল ভাষায় গান গেয়ে নাচ করে কোল শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুরমু, শিক্ষকদের মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের নীলমনি কিসকু, মুন্ডা সম্প্রদায়ের উজ্জল পাহান, কোল সম্প্রদায়ের নির্মল কোল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বিমল হাঁসদাক্।

এর আগে বিভিন্ন শ্রেণির কোল শিক্ষার্থীরা মাতৃভাষায় কবিতা আবৃত্তি করে। সাঁওতালি ভাষায় গান পরিবেশন করেন সহকারী শিক্ষক ট্রেম হাসদা। কোল ভাষায় গান গেয়ে নাচ করে কোল শিক্ষার্থীরা।

বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পুরস্কার হাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: বন্ধুসভা

শিক্ষক নীলমনি কিসকু বলেন, ‘আজ আমরা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপন করছি। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না। বলা হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এটি একটি লজ্জার বিষয়। বিভিন্ন অজুহাতে আজও আমাদের ওপর নানা রকম অত্যাচার–নির্যাতন চলছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আজকের আদিবাসী দিবসে আমাদের চাওয়া, আদিবাসীদের অধিকার রক্ষা হোক।’

অন্য বক্তারা বলেন, আদিবাসীরাও বাংলাদেশের নাগরিক। এ দেশের সর্বক্ষেত্রে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। আদিবাসীদের ওপর অত্যাচার–নির্যাতন বন্ধ করতে হবে। পিছিয়ে পড়া এই আদিবাসীদের সহযোগিতা করতে হবে। তবেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা