নীলফামারী বন্ধুসভার সবুজায়ন কর্মসূচি
‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নীলফামারী বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৯ জুলাই বিকেলে জেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী, রিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ বি এম মনজুরুল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বেসরকারি সংস্থা ইউএসএসএর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায় প্রমুখ।
এ বিষয়ে নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানু বলেন, ‘বন্ধুসভার উদ্যোগে প্রতিবছরের মতো আমরা এবারও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এ বছর আমরা দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ প্রথম দিন ১০০ চারা বিতরণ করা হলো। বাকি চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ ও বিতরণ করা হবে।’
কর্মসূচিতে বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রাইসুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ফারজানা মমো, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জান্নাতি রম্মান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোহেল রানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তারিকুল ইসলামসহ অনেকে।