ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী গোলাম মোস্তফা দীর্ঘদিন প্রস্রাবের পথে টিউমারজনিত জটিল রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁর অসহায়ত্বের কথা জানতে পেরে ঈশ্বরগঞ্জ বন্ধুসভা তাঁকে চিকিৎসার জন্য নগদ ১৬ হাজার টাকা এবং এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেছে।
উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়াপাঁচাশি গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী প্যারালাইসিসে আক্রান্ত অসহায় বাচ্চু মিয়াকেও চিকিৎসা–সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এই দুজন ব্যক্তিকে চিকিৎসাসেবার জন্য নগদ অর্থ উপহার দিয়েছে ঈশ্বরগঞ্জ বন্ধুসভা। ১৮ মার্চ তাঁদের হাতে এই উপহার তুলে দেন বন্ধুরা। পাশাপাশি ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য বন্ধুরা।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত গোলাম মোস্তফা বলেন, ‘আমি অনেক দিন ধরেই অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছিল। বন্ধুসভার এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ তাদের ভালো রাখুক। আমি যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি, সবার কাছে দোয়া চাই।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ বন্ধুসভার সভাপতি মুনসুর আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমি অসুস্থ থাকায় সরাসরি উপস্থিত থাকতে পারিনি। ঈদকে সামনে রেখে অনেক সদস্যই ব্যস্ত থাকলেও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। আমরা চাই, ঈদ হোক সবার জন্য আনন্দ ও খুশির। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’