‘চৈত্রের দ্বিতীয় দিবস’ নিয়ে নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘চৈত্রের দ্বিতীয় দিবস’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ১৫ জুলাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই সঞ্চালক বন্ধু ফারিয়া হোসেন বলেন, ‘পাঠচক্র শুধু একটি বই নিয়ে আলোচনা নয়; এটি চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের একটি সুন্দর মাধ্যম। “চৈত্রের দ্বিতীয় দিবস” আমাদের ভালোবাসা, দায়িত্ববোধ এবং মধ্যবিত্ত জীবনের বাস্তবতাকে নতুনভাবে ভাবতে শেখায়।’
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘নিয়মিত পাঠচর্চা মানুষকে সমৃদ্ধ করে এবং সাহিত্য আমাদের জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। বন্ধুসভার পাঠচক্র বইপ্রেমীদের জন্য এমন একটি পরিসর, যেখানে মতবিনিময় ও শেখার সুযোগ তৈরি হয়।’
অন্য বন্ধুদের আলোচনায় উঠে আসে, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ফরহাদের সংগ্রামী জীবন, পারিবারিক দায়িত্ববোধ এবং আসমানীর সঙ্গে তার আন্তরিক সম্পর্ক মধ্যবিত্ত জীবনের বাস্তবতাকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছে। অর্থনৈতিক টানাপোড়েন, অপূর্ণ স্বপ্ন, ছোট ছোট সুখ ও টিকে থাকার লড়াই—সবকিছুই হুমায়ূন আহমেদ তাঁর সহজ অথচ গভীর লেখার মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপন করেছেন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু মার্জিয়া মুক্তা, তানভীর ভুঁইয়া, তানজিনা আক্তার, তুহিন শুভ্র, রবিন হোসেন ও তানজীমুল সিফাত।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা