সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সঙ্গে কয়রা বন্ধুসভার ঈদ–আনন্দ ভাগাভাগি

কয়রা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে খুলনার কয়রা বন্ধুসভার উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৮ মার্চ সকালে উপজেলার ২০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলার খান সাহেব কোমর উদ্দীন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য সেমাই, চিনি, গুঁড়া দুধ, ভোজ্যতেল, ডাল, কিশমিশ ও বাদাম দেওয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী ব্যক্তিদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

খান সাহেব কোমর উদ্দীন কলেজের সহকারী অধ্যাপক এস এম সাইফুল কবির বলেন, প্রথম আলোর সংবাদ যেমন পাঠকের কাছে বিশ্বাসযোগ্য, তেমনি বন্ধুসভার মানবিক কর্মকাণ্ডও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের উদ্যোগ মানুষের মাঝে সহমর্মিতা বাড়াতে সহায়ক হবে।

কয়রা বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

খাদ্যসামগ্রী পেয়ে কয়রার উত্তর খেওনা গ্রামের বৃদ্ধা অভিরোন বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাগের কাছে ঈদের দিনও অন্য দিনের মতোন। মানুষির দারে দারে ঘুইরে ভিক্ষা করে দিন চলে। একমাত্র ছেলে ইট ভাটার কাজে গিয়ে কোমর ভেঙে সেও এখন ভিক্ষা করে। এবার সেমাই-চিনি আর অন্যান্য জিনিস পাইয়ে মনটা ভালো লাগতিছে।’

কয়রা বন্ধুসভার সভাপতি রাসেল আহমেদ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিজস্ব উদ্যোগ ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি সমাজের সামর্থ্যবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, কয়রা বন্ধুসভার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হকসহ সংগঠনের অন্য সদস্যরা।

সাধারণ সম্পাদক, কয়রা বন্ধুসভা