জাতীয় বন্ধু সমাবেশের ভেন্যু পরিদর্শনে বন্ধুসভার প্রতিনিধিদল

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে বন্ধুসভার প্রতিনিধিদল।

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বন্ধু সমাবেশ ২০২৫। সম্প্রতি এই ঘোষণা দেওয়ার পর দেশব্যাপী বন্ধুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় সমাবেশে অংশ নিতে সবার মধ্যে উচ্ছ্বাসের যেন শেষ নেই!

এদিকে জাতীয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেটির অংশ হিসেবে আজ ৬ নভেম্বর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনে যায় বন্ধুসভার একটি প্রতিনিধিদল। সভাপতি জাফর সাদিকের নেতৃত্বে দলটিতে ছিলেন নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সাইমন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান ও দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম।

জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্র মৌচাকের পরিচালক উনু চিং-এর সঙ্গে বন্ধুসভার প্রতিনিধিদল।

সকালে ভেন্যুতে পৌঁছানোর পর বন্ধুসভার প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্র মৌচাকের পরিচালক উনু চিং। এ সময় তিনি প্রশিক্ষণকেন্দ্রের মাঠ, আবাসন, সেনিটেশন ব্যবস্থা, মূল মাঠ, ক্যাম্প ক্যাফেটেরিয়াসহ সংশ্লিষ্ট ক্যাম্প এরিয়া ঘুরে দেখান। এ ছাড়া বিশদ আলোচনা করেন নিরাপত্তাব্যবস্থাসহ অন্যান্য সব বিষয় নিয়ে।

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে বন্ধুসভার প্রতিনিধিদল।

এবার জাতীয় বন্ধু সমাবেশে সারা দেশের সব বন্ধুসভার দুই হাজার বন্ধু অংশগ্রহণ করবেন। সমাবেশে নতুন কমিটি ঘোষণা, ২০২৫ সালের ‘বর্ষসেরা বন্ধুসভা’, ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ সম্মাননা দেওয়া হবে। সমাবেশে অংশগ্রহণের নিবন্ধনের নিয়মাবলী শিগগিরই জানানো হবে।

সমাবেশ আয়োজন–সংক্রান্ত কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো উদ্‌যাপন পর্ষদ, স্পনসর কমিটি, রেজিস্ট্রেশন কমিটি, মেডিকেল টিম ও ভেন্যু ব্যবস্থাপনা। এগুলোতে কাজ করছেন জাতীয় পর্ষদ ও ঢাকা মহানগর বন্ধুসভার সদস্যরা। কমিটিগুলো এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি কমিটি গঠন করা হবে। সেগুলোতে জাতীয় পর্ষদ ও মহানগরের পাশাপাশি ঢাকার বাইরের বিভিন্ন বন্ধুসভার আগ্রহী বন্ধুদের অন্তর্ভুক্ত করা হবে।