তেঁতুলিয়া থেকে টেকনাফে সাইকেল যাত্রা, সিরাজগঞ্জে সংবর্ধনা

শহরের বাজার স্টেশন শহীদ মিনার প্রাঙ্গণে সিরাজগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে তিন তরুণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়ছবি: বন্ধুসভা

বাংলাদেশের সর্বউত্তরের বাংলাবান্ধা জিরো পয়েন্ট (তেঁতুলিয়া) থেকে সর্বদক্ষিণের টেকনাফ শাহ পরীর দ্বীপ পর্যন্ত ব্যতিক্রমী সাইকেল যাত্রায় নেমেছেন তিন তরুণ। ‘পরিবেশ রক্ষা করি, গাছ লাগিয়ে দেশ গড়ি—আসুন, বেশি বেশি গাছ লাগাই ও পরিচর্যা করি’ স্লোগানে ৯ এপ্রিল তাঁদের এই যাত্রা শুরু হয়।

যাত্রাপথে সিরাজগঞ্জে পৌঁছালে শহরের বাজার স্টেশন শহীদ মিনার প্রাঙ্গণে সিরাজগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো এবং জাতীয় পতাকা উপহার দেওয়া হয়। অভিযানে অংশগ্রহণকারী তিন তরুণ হলেন সাব্বির আহমেদ, তারেক রহমান ও রায়হানুজ্জামান নাঈম।

শহরের বাজার স্টেশন শহীদ মিনার প্রাঙ্গণে সিরাজগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে তিন তরুণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাতে সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা বলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাইকেল চালিয়ে যাওয়া শুধু ভ্রমণ নয়, এটি একটি ইতিবাচক বার্তা বহন করে। এ ধরনের উদ্যোগ তরুণসমাজকে সুস্থ জীবনধারায় অভ্যস্ত হতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে।

সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান বলেন, ‘সাইক্লিং শরীর ও মন ভালো রাখার একটি কার্যকর মাধ্যম এবং এটি গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাইক্লিং বিষয়ে সচেতনতা তৈরি এবং নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। এতে শিশু-কিশোর ও মেয়েদের অংশগ্রহণ বাড়বে এবং তারা খেলাধুলায় আরও আগ্রহী হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু রাইম সরকার, লিওন খান ও সাইমন সাইম।