মুক্তিযুদ্ধের ইতিহাসে মেধার লড়াই

ড্যাফোডিল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাছবি: মোস্তফা মাহফুজ

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ২৯ মার্চ সকাল ১০টায় ড্যাফোডিল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডের মুক্তিযুদ্ধবিষয়ক প্রশ্নের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। ২০ মিনিট সময়ের মধ্যে ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয় অংশগ্রহণকারীদের। কুইজে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হয়েছে হাসান মাহফুজ, দ্বিতীয় সালমান শিকদার, তৃতীয় আয়শা আসাদ, চতুর্থ সুমাইয়া জান্নাত ও পঞ্চম হয়েছে আনিকা তাবাসসুম।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: মোস্তফা মাহফুজ

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড্যাফোডিল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা ফারুক আহমেদ, উপাধ্যক্ষ শেখ মাহমুদুন নবী ও ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির। পুরস্কার হিসেবে ছিল মুক্তিযুদ্ধবিষয়ক গল্পের বই। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান, আল আমিন, সাদিয়া আফরিন, ও সহকারী কর্মকর্তা শাহরিয়ার হাসান সবুজ।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ মোস্তফা ফারুক আহমেদ বলেন, ‘তোমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও ধারণা বৃদ্ধি করতে বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি যখন ছাত্র ছিলাম, তখন থেকে প্রথম আলো বন্ধুসভার বিভিন্ন আয়োজন দেখে আসছি। আজ ড্যাফোডিল বন্ধুসভা তোমাদের জন্য এই আয়োজন করেছে।’

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: মোস্তফা মাহফুজ

বন্ধুসভার উদ্দেশে উপাধ্যক্ষ শেখ মাহমুদুন নবী বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভার কার্যক্রম বরাবরই ভালো। আশা করি, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আপনারা আরও এমন কাজ করবেন।’

শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ড্যাফোডিল বন্ধুসভার বার্ষিক ম্যাগাজিন ‘অদম্য ২৫’ উপহার দেওয়া হয়। কর্মসূচিতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন রিজভী আমিন, মোস্তফা মাহফুজ, আবিদুর রহমান, মোহাম্মদ রুবায়েত, রাফিউল আলম ও ফাহিমা বিনতে আসাদ।

সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা