মিরপুর বন্ধুসভার ঈদ শুভেচ্ছা বার্তা প্রতিযোগিতা
ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে মিরপুর বন্ধুসভা। আয়োজন করা হয় ঈদ শুভেচ্ছা বার্তা প্রতিযোগিতা; যেখানে সদস্যরা তাঁদের সৃজনশীলতা ও হৃদয়ের অনুভূতি দিয়ে ঈদের শুভেচ্ছা প্রকাশ করেন।
২১ মার্চ, ঈদের দিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের প্রদান করা হয় ঈদ সালামি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ঈদের তাৎপর্য, আনন্দ, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে তুলে ধরে নান্দনিক ও হৃদয়ছোঁয়া শুভেচ্ছা বার্তা উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নে এসব বার্তার ভাষার সৌন্দর্য, ভাবের গভীরতা এবং উপস্থাপনার অভিনবত্ব বিশেষ গুরুত্ব পায়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মিরপুর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মুনতাসির রহমান, দ্বিতীয় হন প্রচার সম্পাদক শাহরিয়ার শাহাদাত এবং তৃতীয় হয়েছেন দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান।
বিচারকের দায়িত্ব পালন করেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া ও সভাপতি সাজু আহম্মেদ। তাঁরা জানান, অংশগ্রহণকারীদের সৃষ্টিশীলতা, ভাষার প্রাঞ্জলতা এবং ঈদের চেতনা তুলে ধরার দক্ষতা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
সাধারণ সম্পাদক, মিরপুর বন্ধুসভা