পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে রাঙ্গুনিয়া বন্ধুসভা

বন্ধুসভার সদস্যরা ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেনছবি: বন্ধুসভা

টানা অতিবৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী জাকিরাবাদ ও আদর্শ গ্রামে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা। ১৬ জুলাই বিকেলে সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে জাকিরাবাদ ও আদর্শ গ্রামের অনেকগুলো ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। অনেক বসতি মাটিতে চাপা পড়ে। চরম মানবিক সংকটে পড়া এসব পরিবারের কষ্ট লাঘব করতে রাঙ্গুনিয়া বন্ধুসভার সদস্যরা ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা পৌঁছে দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে বন্ধুসভার উপদেষ্টা আব্বাস হোসাইন বলেন, ‘পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই মুহূর্তে সহায়তার ভীষণ প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা বন্ধুদের সহযোগিতায় এই সামান্য উপহার নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছি।’

রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের এমন কঠিন মুহূর্তে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। আমাদের এই মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।’

মানবিক এই কার্যক্রমে অংশ নেন বন্ধুসভার উপদেষ্টা ও ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান, সহসভাপতি সাইফুল্লাহ সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মুবিন উদ্দিন, বন্ধু মাস্টার আবু বক্কর, মোহাম্মদ মিজান, মাস্টার হোসাইন, ইউনুস রনি, বোরহান রেজাসহ সংগঠনের অন্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।