সবুজ পৃথিবীর প্রত্যয়ে স্কুলশিক্ষার্থীদের নিয়ে সচেতনতা

নোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে স্কুলশিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা তৈরিতে বিশেষ সচেতনতামূলক সেশনছবি: বন্ধুসভা

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রত্যয়ে পরিবেশ সুরক্ষা ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা তৈরিতে বিশেষ সচেতনতামূলক সেশন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২২ জুলাই সোনাপুর শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে এ সেশন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে গাছসম্পর্কিত বৈজ্ঞানিক উপকারিতা ও পরিবেশ রক্ষায় উদ্ভিদের গুরুত্ব তুলে ধরা হয়। ছিল পরিবেশের ভারসাম্য, মানবদেহ ও বায়ুমণ্ডলে গাছের বৈজ্ঞানিক অবদান নিয়ে সাধারণ আলোচনা ও কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীরা উৎসুক মনে গাছের বিভিন্ন বৈজ্ঞানিক দিক সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়। কুইজে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ৭ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে ঔষধি ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

পরে শিক্ষার্থীদের নিয়ে নোবিপ্রবি বন্ধুসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা সোনাপুর শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা মহিবুল ইসলাম এবং সোনাপুর শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা।

অতিথিরা বলেন, ‘আজকের কোমলমতি শিশুরা যদি শৈশব থেকেই পরিবেশের বৈজ্ঞানিক গুরুত্ব ও গাছের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারে, তবেই আমরা একটি টেকসই ও সুন্দর ভবিষ্যৎ পাব। সোনাপুরের এই শিশুদের কৌতূহল ও উদ্দীপনা আমাদের পরিবেশবান্ধব ক্যাম্পাস ও সমাজ গড়ার কাজকে আরও উৎসাহিত করবে।’

সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা