পরিবেশ সচেতনতায় কুইজ, বিজয়ী শিক্ষার্থীদের বৃক্ষ উপহার

কুইজ বিজয়ী ১০০ শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়ছবি: বন্ধুসভা

প্রকৃতি ও পরিবেশ–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে সৈয়দপুর বন্ধুসভা। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ২৭ জুলাই সৈয়দপুরের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন।

সৈয়দপুরের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সিনিয়র প্রভাষক নার্গিস পারভীন, প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম, এবং উপদেষ্টা হোসনে আরা লিপি।

আলোচনা শেষে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশ–বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০০ শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল বনজ ও ফলদ প্রজাতির মেহগনি, জারুল, বকুল, রেইনট্রি, নিম, বনকাঁঠাল, জলপাই, কাঠবাদাম, কাঁঠাল ও আমলকীগাছ।

কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ
ছবি: বন্ধুসভা

পরে প্রধান অতিথি লুৎফর রহমান চৌধুরী দুটি বনকাঁঠালগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এদিন মোট ১৫০টি বনজ ও ফলদ গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়।

কর্মসূচিতে সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক ও বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায় ও তাহমিন আরিফ; সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, সহসাংগঠনিক সম্পাদক রাইম চৌধুরী, অর্থ সম্পাদক রেজা আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইশা মালিহা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায়, বইমেলা সম্পাদক মাহির শাহরিয়ার, বন্ধু আশিক হাসান, সজিব খান, স্নাতা, রুবা, মাইশা, উর্নিশা, আবরার, মারফিয়া, রেয়াংশ রায়, রাইসা, সিয়াম রুদ্রসহ অনেকে উপস্থিত ছিলেন।