মনোয়ার হোসেন মুরাদ ও ইতিমোদদৌলা হিন্দোল রচিত গবেষণাধর্মী বই ‘ভাষা আন্দোলনে জামালপুর’, যেখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জামালপুরের ঐতিহাসিক ভূমিকা, ত্যাগ ও সংগ্রামের প্রামাণ্য দলিল উপস্থাপিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। শুরুতেই ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পাঠচক্রে বইটির গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে পাঠ এবং জামালপুরের ছাত্রসমাজ, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের সাহসী ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন বন্ধুরা।
আলোচকেরা বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের উত্তাল দিনগুলোয় সারা দেশের মতো জামালপুরেও গড়ে ওঠে প্রতিবাদের জোয়ার। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ, মিছিল-মিটিং এবং সংগঠিত প্রতিরোধ আন্দোলনকে বেগবান করেছিল। বইটিতে এসব ঘটনার প্রামাণ্য বিবরণ ও তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ নতুন প্রজন্মকে ইতিহাস জানতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন তাঁরা।
সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার সূতিকাগার। মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। নতুন প্রজন্ম যদি স্থানীয় ইতিহাস সম্পর্কে সচেতন না হয়, তবে জাতীয় ইতিহাসের গভীরতা অনুধাবন করা কঠিন হয়ে পড়ে।’
নিয়মিত পাঠচক্র আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিহাসপাঠে আগ্রহী করে তুলতে চান জানিয়ে কামরুল ইসলাম খান বলেন, ‘ইতিহাসচর্চা কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধ, দেশপ্রেম ও সাংস্কৃতিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম।’
সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্ বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষার মর্যাদা সমুন্নত রাখা এবং ভাষাশহীদদের আদর্শ ধারণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ইতিহাসভিত্তিক এমন আয়োজন তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে এবং ভাষা আন্দোলনের চেতনা ধারণে সহায়ক হবে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাসবির রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আহমদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, বন্ধু সানজিদা ও অয়ন আহমেদ।
সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা