‘নিজের আনন্দের নাম উৎসব নয়, সবার মুখে হাসি ফোটানোর নামই ঈদ’ স্লোগানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৩ মার্চ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন জামা ও ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।
বন্ধুসভার সদস্যরা নিজেদের ঈদ বাজেটের একটি অংশ বাঁচিয়ে এবং সুহৃদদের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন। উৎসবের আনন্দ যেন কেবল সচ্ছলদের ঘরে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সবাই নতুন জামা আর ভালো খাবারের ঘ্রাণ পায়, সেটিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
সিলেটের নয়াবাজার, কালীবাড়ি, আখালিয়ায় বাজার, নেহারি পাড়া ও কানিশাইল এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন রঙিন পোশাক, সেমাই, চিনি, দুধসহ ঈদের বিশেষ খাদ্যসামগ্রী। নতুন জামা হাতে পেয়ে শিশুদের চোখেমুখে যে খুশির ঝিলিক দেখা যায়, তা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
এ সময় বন্ধুসভার এক সদস্য বলেন, ‘আমরা বিশ্বাস করি ঈদের প্রকৃত সার্থকতা ত্যাগে এবং ভাগাভাগিতে। এই শিশুদের হাসিমুখই আমাদের বন্ধুসভার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
সাধারণ সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা