মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুলনাচের ইতিকথা নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ২ ফেব্রুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক সভায় অংশ নেন বন্ধুরা।
পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি গাওদিয়া গ্রামের সাধারণ মানুষের জীবন, সমাজবাস্তবতা ও নিয়তির টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত। পাঠচক্রে বইটির বিভিন্ন অংশ পাঠের পর কেন্দ্রীয় চরিত্র শশী ডাক্তারের অন্তর্জগৎ ও বহির্জগতের দ্বন্দ্ব, সমাজ ও সংস্কারের বন্ধনে আবদ্ধ এক মানুষের চাওয়া-পাওয়ার অপূর্ণতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শশী ও কুসুমের অসম প্রেম তৎকালীন সমাজব্যবস্থার সীমাবদ্ধতা ও বাস্তবতার নির্মম দিক তুলে ধরে।
আলোচনায় উঠে আসে উপন্যাসে আবেগের চেয়ে যুক্তি ও কার্যকারণ বাস্তবতার প্রাধান্য; যেখানে মানুষের জীবনকে পুতুলের সঙ্গে তুলনা করা হয়েছে। কখনো মানুষ নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নেয়, আবার কখনো অদৃশ্য শক্তির প্রভাবে পরিচালিত হয়। এসব বিষয় পাঠকদের চিন্তা ও অনুভূতিকে গভীরভাবে নাড়া দেয়।
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘এই ধরনের পাঠচক্র সাহিত্যচর্চার পাশাপাশি সমাজ ও মানবজীবনের বাস্তবতাকে নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করে। পাশাপাশি সংগঠনের সদস্যদের চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সানজিদা রিয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক কাজী মুশফিকুর তাসিন, অর্থ সম্পাদক রেহেনা আক্তার, বন্ধু জিসান আহমেদ, তানভীর ফাহিম, বায়েজিদ ইসলামসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা