দেশব্যাপী বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’। ৫ জুন সন্ধ্যায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস সারা দেশে বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এতে অংশ নেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় বন্ধুসভাগুলো। ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। যেসব এলাকায় গাছপালা কম, সেখানে গাছ রোপণ করা বাঞ্ছনীয়।

রোপণ করা প্রতিটি গাছের সঙ্গে বন্ধুসভার ট্যাগ যুক্ত করতে হবে। সুস্থিত না হওয়া পর্যন্ত রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ করা যাবে না।

এ বছর বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাফিউর নূর। সহসমন্বয়ক হিসেবে রয়েছেন জাতীয় পর্ষদের হুসাইন আল মামুন, তাপসী রায়, নাঈমা সুলতানা, আবরার জাহিন, ঢাকা মহানগর বন্ধুসভার তানভীর হাসান, মুর্শিদা আক্তার, জাকিয়া লিমা, সাদিকুর রহমান ও আকিফ বিন সাঈদ।