গন্তব্যের চেয়েও দীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতা নিজেকে চিনতে শেখায়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের বটতলায় রংপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

‘যখন তুমি কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা পোষণ করো, তখন পুরো মহাবিশ্ব তোমাকে সেটি পাইয়ে দেওয়ার চেষ্টা করে’—বিশ্ববিখ্যাত লেখক পাওলো কোয়েলহোর এই জাদুকরি দর্শনের মধ্য দিয়ে ২ মে বিকেলবেলা মুখর হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। জীবনের রহস্য আর লুকানো গুপ্তধনের সন্ধানে বের হওয়া এক মেষপালকের অদম্য যাত্রার উপমা টেনে সেখানে অনুষ্ঠিত হয় রংপুর বন্ধুসভার সাপ্তাহিক পাঠচক্রের আসর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের বটতলায় বিশ্ববিখ্যাত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ নিয়ে পাঠচক্রের আসর বসে। বইটির কাহিনি বর্ণনা করেন বন্ধু সাদিয়া সূচি। তিনি বলেন, ‘পাওলো কোয়েলহোর এই মাস্টারপিস এক মেষপালক বালক সান্তিয়াগোর আত্ম–আবিষ্কারের গল্প। বারবার স্বপ্নে মিসরের পিরামিডের নিচে গুপ্তধনের সংকেত পেয়ে সে নিজের মেষের পাল বিক্রি করে অজানার উদ্দেশে পাড়ি জমায়। স্পেন থেকে সাহারা মরুভূমি অতিক্রম করার এই দীর্ঘ যাত্রায় সে অভাব, প্রতারণা এবং যুদ্ধের সম্মুখীন হয়। পথে তার সঙ্গে পরিচয় হয় এক রহস্যময় আলকেমিস্টের, যিনি তাকে শেখান প্রকৃতির ভাষা পড়তে। সান্তিয়াগো বুঝতে পারে, নিজের স্বপ্ন বা পারসোনাল ডেসটিনির পথে হাঁটলে পুরো মহাবিশ্ব তাকে সাহায্য করে। দীর্ঘ পথ শেষে সে অনুধাবন করে, প্রকৃত গুপ্তধন আসলে তার নিজের ভেতরের সাহস ও অভিজ্ঞতার মধ্যেই ছিল।’

পাঠচক্র শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সৈকত খন্দকার বলেন, ‘দ্য আলকেমিস্ট’ গল্পের মূল শিক্ষা হলো নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা। মানুষ যখন হৃদয়ের ডাক শুনে যাত্রা শুরু করে, তখন বাধা আসবেই; কিন্তু সাহসের সঙ্গে এগোলে মহাবিশ্ব তাকে সফল করতে সহায়তা করে। গন্তব্যের চেয়েও এই দীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতা নিজেকে চিনতে শেখায়।

পাঠচক্রে নিজের নতুন অভিজ্ঞতার কথা জানান আরঙ্গ জেব। বলেন, ‘আগে বই পড়ার অভ্যাস ছিল না, কিন্তু আজকের আলোচনা শুনে বই পড়ার প্রতি দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এখন থেকে নিয়মিত বই পড়ব।’

সভাপতি সোহেলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক দীপ্ত তালুকদার, সাংগঠনিক সম্পাদক তাসফিয়াহ্ খন্দকার, বন্ধু মুনাফা জান্নাত, ফারহানা মীম, রোদেলা কায়সার, রুদ্র চৌধুরী, নুসরাত জামান, নূর নাহারসহ অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা