‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানা জরুরি’

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। এই ইতিহাসকে সমুন্নত রাখতে তোমাদেরই আগামীতে ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাও তোমাদের ধারায়ই সমুজ্জ্বল হবে। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানা জরুরি। এর মাধ্যমেই জাগ্রত হবে দেশপ্রেম।

আজ সোমবার শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ দিগ্বিজয় চক্রবর্তী এ কথা বলেন। দুপুর পৌনে ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করে শাবিপ্রবি বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চ মাসজুড়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: প্রথম আলো

দিগ্বিজয় চক্রবর্তী বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মূল ভিত্তিই হলো মুক্তিযুদ্ধ। এ জন্য আমাদের দেশের ইতিহাস সমৃদ্ধ। এখানে ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধপরবর্তী বাংলাদেশ কেমন ছিল, তা আমরা জানতে চেষ্টা করব। নিজেদের অস্তিত্বকে অস্বীকার করলে চলবে না।’

শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি সাবিনা আক্তারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জনি জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের সহকারী শিক্ষক মাছুম আহমেদ, সহকারী শিক্ষক আরাধান তালুকদার, বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান মিয়া এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাগর মিয়া।

সহকারী শিক্ষক মাছুম আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদেরকে শিখিয়েছে দেশের জন্য ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকতে হবে। ছোট ছোট ভালো কাজের মাধ্যমেও দেশপ্রেমকে লালন করতে হবে। স্কুল ও কলেজের শিক্ষার্থীরাই দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে আগামী সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে।’

‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ববিষয়ক কুইজ প্রতিযোগিতায় শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম, নবম ও দশম শ্রেণির ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম হয়েছে দশম শ্রেণির মুসতাহিদা রহমান, দ্বিতীয় হয় অষ্টম শ্রেণির জান্নাতুল ফেরদৌস, তৃতীয় একই শ্রেণির তাহসিন আরিফ, চতুর্থ হয় দশম শ্রেণির শুভ্রত চৌধুরী এবং পঞ্চম হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী দীপ লক্ষ্মী দিপ্তী।

অনুষ্ঠানে শাবিপ্রবি বন্ধুসভার সহসভাপতি মৃদুল কৌশিক রাজবংশী, সাধারণ সম্পাদক ইয়ারমিন আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দুর্জয় বাড়ৈ, অর্থ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, বন্ধু আশিকুর রহমান, সাবিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।