‘আমাদের নেই কোনো ভয়’ গল্প সংকলন নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মানুষের জীবনসংগ্রাম, সাহস, মানবিকতা ও সময়ের বাস্তবতাকে কেন্দ্র করে রচিত শিউলী নাথের ‘আমাদের নেই কোনো ভয়’ গল্প সংকলনের বিভিন্ন গল্পে সমাজের বৈষম্য, কুসংস্কার, প্রতিকূলতা ও সংগ্রামের চিত্র উঠে এসেছে। পাশাপাশি নারীর আত্মমর্যাদা, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, গ্রামীণ জনজীবন ও মানবিক মূল্যবোধও স্থান পেয়েছে।

গল্পকার শিউলী নাথের গল্পগ্রন্থ ‘আমাদের নেই কোনো ভয়’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ১৭ জুলাই নগরীর হালিশহর সাগরপাড়ে বই পড়ার এই আসর অনুষ্ঠিত হয়। সাগরের ঢেউয়ের কলতান, মেঘাচ্ছন্ন আকাশ ও মৃদুমন্দ বাতাসের মনোরম পরিবেশে বন্ধুরা বইটির বিভিন্ন গল্প নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, ‘এমন বৃষ্টিমুখর দিনে সাগরপাড়ে বসে বন্ধুদের নিয়ে পাঠচক্র করার অনুভূতিটাই অন্য রকম। বইটির প্রায় সব গল্পই আমার ভালো লেগেছে। ছোটগল্প হলেও এখানে লেখক বেশ সুন্দরভাবে প্রতিটি গল্প নিখুঁতভাবে বর্ণনা করেছেন।’

সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, ‘সমসাময়িক গল্পে মানবিক বোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতার সন্ধান যাঁরা করেন, তাঁদের জন্য “আমাদের নেই কোনো ভয়” একটি অনন্য গল্পগ্রন্থ। এর চরিত্রগুলো আমাদের চারপাশের পরিচিত মানুষ। তাঁদের স্বপ্ন, সংকট, সম্পর্ক, ভালোবাসা, বেদনা ও আত্মমর্যাদার লড়াই গল্পগুলোকে বাস্তবতার কাছাকাছি নিয়ে গেছে।’

কার্যনির্বাহী সদস্য মারুফ উল হক বলেন, ‘আমাদের নেই কোনো ভয়’ বইটি সহজ ও সাবলীল ভাষাশৈলীতে রচিত হওয়ায় এর গল্পগুলো পাঠককে যেমন ভাবতে শেখায়, তেমনি অন্যায়, ভয় ও সংকীর্ণতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রেরণা জোগায়।’

সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, ‘বইয়ের গল্পগুলো ভালো লেগেছে। কিছু গল্প ছিল এমন, যা আলোচনা করতে গিয়ে নতুন কিছু শিখতে পেরেছি। পাঠকদের জন্য লেখকের ভাবনাটি দারুণ।’

পাঠচক্রে বন্ধুরা মিলে একে একে প্রতিটি গল্প পাঠ করে শোনান এবং লেখকের পরিচিতি বন্ধুদের সামনে তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বন্ধু তাফসিরুল ইসলাম ও নিলয় ঘোষ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা