শিকড়ের খোঁজে নওগাঁ বন্ধুসভার বৈশাখী আড্ডা
বাঙালির চিরায়ত ঐতিহ্য, শিকড়ের টান ও সংস্কৃতির গভীর আবেগকে ধারণ করে নানা আয়োজনে ব্যতিক্রমী বৈশাখী আড্ডা করেছে নওগাঁ বন্ধুসভা। মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের হৈচৈ পার্কে গান, কবিতা, স্মৃতিচারণা ও আলোচনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেন সংগঠনের সদস্যরা।
উন্মুক্ত প্রাঙ্গণে বন্ধুরা গোল হয়ে বসে সমস্বরে পরিবেশন করেন লোকজ গান ও বৈশাখের কবিতা। চারপাশে ছড়িয়ে পড়ে এক অনন্য আবহ, যেখানে মিশে ছিল বাংলার গ্রামীণ সুর, ঐতিহ্যের আবেশ এবং তরুণদের উচ্ছ্বাস।
বৈশাখী স্মৃতিচারণা পর্বে বন্ধুরা নিজেদের জীবনের নানা স্মৃতি ভাগাভাগি করে নেন, যা আড্ডাকে আরও প্রাণবন্ত ও আবেগঘন করে তোলে। সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘উৎসব মানেই জাঁকজমক নয়; বরং শিকড়ের সঙ্গে আত্মিক সংযোগ। এই আড্ডার মাধ্যমে আমরা সেই বন্ধন ও সাংস্কৃতিক সংহতিকেই উদ্যাপন করতে চেয়েছি, যা আমাদের আগামীর মানবিক পথচলায় প্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা ও দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক বেলায়েত হোসেন, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন কুমার দেব, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক সানম সাব্বির, সহসভাপতি এলমা খাতুন লোটাস, রাবেয়া আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, অর্থ সম্পাদক নাফিস আরা পপি প্রমুখ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের পরিবেশন করা হয় হরেক পদের খাবার, যা উৎসবের আনন্দকে করে তোলে পরিপূর্ণ।
সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা