রঙিন ঘুড়ির উৎসব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবি বন্ধুসভার ঘুড়ি উৎসব
ছবি: বন্ধুসভা

ফেব্রুয়ারির নীল আকাশে যখন রঙিন ঘুড়িরা উড়ছিল, তখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে হাসি, উচ্ছ্বাস আর বন্ধুত্বের গল্প। উন্মুক্ত আকাশের নিচে নির্মল আনন্দ সঙ্গী করে নোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘ঘুড়ি উৎসব– পর্ব ৩’, যেখানে ব্যস্ত জীবনের ফাঁকে শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য ফিরে পায় শৈশবের সহজ সুখ।

উৎসবে বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি ওড়ানোর মুহূর্ত দিনটিকে করে তোলে আরও স্মরণীয়। ঘুড়ির সুতোয় সুতোয় যেন ফুটে ওঠে বন্ধনের দৃঢ়তা এবং পারস্পরিক ভালোবাসা।

বন্ধুরা কিছু সময়ের জন্য ফিরে পায় শৈশবের সহজ সুখ
ছবি: বন্ধুসভা

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করবে জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের প্রভাষক জাহিদ হাসান বলেন, ‘সাংস্কৃতিক ও সৃজনশীল এমন উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মহিবুল ইসলাম বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। বন্ধুসভার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

নোবিপ্রবি বন্ধুসভার ঘুড়ি উৎসব
ছবি: বন্ধুসভা

উৎসবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর, অর্থ সম্পাদক রেহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক জুঁই চৌধুরী, প্রচার সম্পাদক ফজল হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক কাজী মুশফিকুর তাসিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সানজিদা রিয়া, বন্ধু জিসান আহমেদ, নওশাদ হাসান, রেদোয়ান রাইয়ান, শামীম সাব্বির, সাজ্জাদ হোসেনসহ অন্যরা।

সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা