তীব্র গরমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। মহান মে দিবস উপলক্ষে পয়লা মে বন্ধুসভার সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত ৪০ জন রিকশাচালকের মধ্যে খাওয়ার স্যালাইন বিতরণ করেন।
পাশাপাশি তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে গরমে সুস্থ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করা হয়। পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিরতি নেওয়া, অতিরিক্ত রোদ এড়িয়ে চলা এবং হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।
এই উদ্যোগ সম্পর্কে একজন রিকশাচালক বলেন, ‘যখন গরম থাকে তখন সারা দিন রিকশা চালানো খুব কষ্টের। আজকে যারা আমাদের পানি আর স্যালাইন দিল, আর কীভাবে সুস্থ থাকতে হবে সেটা বুঝিয়ে দিল; এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনাদের।’
আয়োজকদের মতে, প্রচণ্ড তাপপ্রবাহে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করা শ্রমজীবী মানুষ নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন, যা অনেক সময় অবহেলিত থেকে যায়। এ ধরনের উদ্যোগ তাঁদের জন্য সামান্য স্বস্তি বয়ে আনার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাবি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকার বলেন, ‘আমরা প্রতিবছরই চেষ্টা করি মে দিবসে শ্রমজীবী মানুষদের জন্য একটু বেশি কাজ করতে, তাঁদের পাশে দাঁড়াতে। এবারের আয়োজনটি খুব ভালো লেগেছে। আশা করি রিকশাচালকেরা এতে উপকৃত হবেন।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন, বন্ধু মাহমুদ প্রসূন, ইত্তিসাফ লাজিম খান, নাফিসা তাসনিম, নিশাত তামান্না ও তিথী চৌধুরীসহ অনেকে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা।