পাবনা বন্ধুসভার পাঠচক্রে হুমায়ূন আহমেদের ‘দেয়াল’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী রাজনৈতিক-ঐতিহাসিক উপন্যাস ‘দেয়াল’ নিয়ে পাঠচক্রের আসর করেছে পাবনা বন্ধুসভা। ১৫ আগস্ট বিকেলে প্রথম আলো পাবনা অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে বন্ধুরা বইটির মূল ভাববস্তু, চরিত্র নির্মাণ এবং বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের প্রামাণ্য চিত্রায়ণ নিয়ে আলোচনা করেন।
রাশিদুল ইসলামের সভাপতিত্বে পাঠ আলোচনায় বক্তারা বলেন, ‘দেয়াল’ মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম করুণ ও কলঙ্কময় অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রচিত। ইতিহাস ও ফিকশনের সুনিপুণ সংমিশ্রণে তৎকালীন সময়ের নানা ঐতিহাসিক চরিত্র—যেমন শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমেদ, মেজর জিয়াউর রহমান এবং সাধারণ মানুষের জীবনের ঘাত-প্রতিঘাত উপন্যাসটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে। হুমায়ূন আহমেদের সাবলীল লেখা কীভাবে ইতিহাসের কঠিন বাস্তবতা ও মানুষের আবেগকে সমান্তরালে উপস্থাপন করেছে, তা আলোচনায় উঠে আসে।
আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি সেজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক আকিব রহমান, প্রচার সম্পাদক মিতুসি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কৌমুদি সাদিক, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক অন্তর সিনহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রিফাত খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার খান এবং ম্যাগাজিন সম্পাদক নুসরাত জাহান।
পাঠচক্রের সমাপনী বক্তব্যে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন হওয়া এবং বই পড়ার অভ্যাসের মাধ্যমে মননশীল সমাজ গঠনের আহ্বান জানানো হয়। সদস্যরা ভবিষ্যতেও নিয়মিত সাহিত্যচর্চা ও বইভিত্তিক বিভিন্ন আয়োজন অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি, পাবনা বন্ধুসভা